
মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো:শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।শুক্রবার নগরীর জামালখানস্থ সিনিয়র্স ক্লাবে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।ইউনেস্কোর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, সাংবাদিকতা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে ইউনেস্কো অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয়।সম্মাননা গ্রহণ করে ডা. শাহাদাত হোসেন বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক ও নিরাপদ নগরী গড়ে তুলতে নাগরিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা জরুরি। চট্টগ্রামকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে চসিক কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা। প্রধান অতিথি ছিলেন ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশনের মহাসচিব মাহবুব উদ্দীন চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক এ এইচ এম শামসুল মুকতাদির, ইঞ্জিনিয়ার আলী আহমদ ও শিশু সাহিত্যিক রাশেদ রউফ।অনুষ্ঠানে বক্তারা বিশ্বব্যাপী শান্তি, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠায় শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। পরে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST